কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় – এই প্রশ্নটি আজকাল অনেকের মনে ঘোরে, বিশেষ করে যারা অনলাইনে নিজের পরিচিতি গড়তে চান কিন্তু শুরুতে কোনো বিনিয়োগ (invest) করতে চান না।
বর্তমান ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট থাকা অনেকটা ব্যক্তিগত বা ব্যবসায়িক পরিচয়ের মতো কাজ করে। আপনি ব্লগিং, অনলাইন ইনকাম, ব্যবসা কিংবা ব্যক্তিগত পোর্টফোলিও যাই করতে চান না কেন, একটি ওয়েবসাইট আপনার কাজকে আরও প্রফেশনালভাবে তুলে ধরতে সাহায্য করে।
অনেকে আবার মনে করেন ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা খরচ হয়। কিন্তু বর্তমানে এমন অনেক আধুনিক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি একদম ফ্রিতেই একটি সুন্দর, কার্যকর এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এজন্য আপনার কোনো কোডিং জ্ঞান থাকারও দরকার নেই।

এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে জানবো কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, কী কী প্ল্যাটফর্ম ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে এবং ফ্রি ওয়েবসাইটের সুবিধা ও সীমাবদ্ধতাগুলো কী। পাশাপাশি, চাইলে ভবিষ্যতে কিভাবে এটিকে প্রিমিয়াম ওয়েবসাইটে রূপান্তর করবেন সেটাও সহজভাবে বুঝে নিতে পারবেন।
ওয়েবসাইট তৈরির খরচ কত?
একটি প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। নিচে প্রিমিয়াম ওয়েবসাইটের আনুমানিক খরচের একটা তালিকা দেওয়া হলো:
| খরচের ধরন | বার্ষিক খরচ (বাংলাদেশ) | বিবরণ |
|---|---|---|
| ডোমেইন নাম (.com) | ৳ ৮০০ – ১,৫০০/বছর | আপনার ওয়েবসাইটের ঠিকানা |
| ওয়েব হোস্টিং | ৳ ৩,০০০ – ১০,০০০/বছর | ওয়েবসাইটের ডেটা সংরক্ষণ |
| প্রিমিয়াম থিম | ৳ ৩,০০০ – ১৫,০০০ (একবার) | ওয়েবসাইটের ডিজাইন |
| ওয়েব ডেভেলপার ফি | ৳ ১০,০০০ – ৫০,০০০+ | প্রফেশনাল ডেভেলপার দিয়ে তৈরি |
| মোট আনুমানিক খরচ | ৳ ১৫,০০০ – ৭০,০০০+ | প্রথম বছরে |
দেখতেই পাচ্ছেন, একটি প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করতে শুধু প্রথম বছরেই ১৫,০০০ থেকে ৭০,০০০ টাকার বেশি খরচ হতে পারে। কিন্তু মজার বিষয় হলো, আপনি যদি ফ্রি ওয়েবসাইট তৈরির সেরা প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন, তাহলে একটা পয়সাও আপনাকে খরচ করতে হবে না!
ফ্রি ওয়েবসাইট তৈরির সেরা প্লাটফর্মগুলো
নিচের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন:
- Blogger (Google) — ব্লগিং বা লেখালেখির জন্য সেরা ও সবচেয়ে সহজ।
- WordPress.com — শক্তিশালী ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম এবং কাস্টমাইজ করা যায়।
- Wix — ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ দিয়ে সুন্দর ডিজাইন করা যায়।
- Weebly — ব্যবহারে সহজ এবং ওয়েবসাইটের প্রফেশনাল লুক দেওয়া সম্ভব।
গুরুত্বপূর্ণ জানুন! এই ফ্রি প্ল্যাটফর্মগুলো দিয়ে মূলত লেখালেখির ওয়েবসাইট বা ব্লগ তৈরি করা যায়। ই-কমার্স, নিউজ পোর্টাল, অনলাইন স্টোর বা জটিল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আপনাকে ডোমেইন ও হোস্টিং কিনে প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করতে হবে।
কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়?

বর্তমান ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট থাকা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনি যদি একজন ছাত্র, ব্লগার বা ছোট ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ফ্রি ওয়েবসাইট দিয়েই আপনার অনলাইন যাত্রা শুরু করতে পারেন – কোনো খরচ ছাড়াই।
ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। যেমন WordPress, Blogger বা Wix – এইগুলো নতুনদের জন্য খুবই সহজ এবং জনপ্রিয়।
এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইমেইল দিয়ে সাইন আপ করে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। এখানে থেকেই আপনি পুরো সাইটটি নিয়ন্ত্রণ করবেন।
প্ল্যাটফর্মে ঢোকার পর একটি সুন্দর থিম বা টেমপ্লেট বেছে নিতে হবে। থিমই আপনার ওয়েবসাইটের ডিজাইন নির্ধারণ করে। আপনি চাইলে ফ্রি থিম ব্যবহার করেই আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এরপর আপনার ওয়েবসাইটে প্রয়োজনীয় পেজ যুক্ত করতে হবে, যেমন – Home, About, Contact ইত্যাদি। এর পাশাপাশি নিয়মিত আর্টিকেল বা পোস্ট পাবলিশ করলে আপনার সাইট ধীরে ধীরে ভিজিটর পেতে শুরু করবে।
সবশেষে, ওয়েবসাইটটি পাবলিশ করে শেয়ার করতে হবে। সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করলে সাইটে দ্রুত ট্রাফিক পাওয়া সম্ভব। নিয়মিত আপডেট এবং ভালো মানের কনটেন্ট তৈরি করতে পারলে আপনি ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর পেতে পারবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন।
Blogger দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি

Blogger হলো Google-এর একটি বিনামূল্যের ব্লগিং প্ল্যাটফর্ম। এটা ব্যবহার করা অত্যন্ত সহজ এবং আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। Blogger-এ ওয়েবসাইট তৈরি করলে আপনি একটি .blogspot.com সাবডোমেইন (subdomain) পাবেন যেমন: yoursite.blogspot.com।
আপনি যদি অনলাইন জগতে একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথমের দিকে এই সাবডোমেইন দিয়েই কাজ চালাতে পারবেন। ধীরে ধীরে যখন আপনি blogging, website, domain, hosting এসব বিষয়ে ভালোভাবে জানতে পারবেন তখন আপনি চাইলে প্রিমিয়াম ডোমেইন (যেমন – .com, .net, .info) কিনে নিয়ে আপনার ব্লগার ওয়েবসাইটের সাথে কানেক্ট (connect) করতে পারবেন।
Blogger-এর সুবিধা
- সম্পূর্ণ বিনামূল্যে — ওয়েবসাইট তৈরির জন্য কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় না।
- Google-এর সার্ভারে হোস্ট হয় — তাই ওয়েবসাইটের স্পিড অনেক ফাস্ট হয়ে থাকে।
- শুধু একটি Google অ্যাকাউন্ট থাকলেই ওয়েবসাইট বানানো যায়।
- ওয়েবসাইট Google AdSense এর সাহায্যে সহজে মনিটাইজ (monetize) করিয়ে ইনকাম করা যায়।
- Custom domain যুক্ত করা যায় – ফলে ওয়েবসাইটটিকে প্রফেশনাল মনে হয়।
Blogger দিয়ে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
১. প্রথমে Google Chrome বা যেকোনো ব্রাউজারের মাধ্যমে blogger.com ওয়েবসাইটে যান।

২. আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। যদি Gmail না থাকে তাহলে আগে একটি Google account খুলে নিন।
৩. সাইন ইন করার পরে “Create New Blog” বাটনে ক্লিক করুন।
৪. এখন আপনার ব্লগের টাইটেল (title) দিতে হবে। যেমন: ‘আমার ব্লগ’ বা ‘My Tech Blog’।

৫. এরপর আপনার ব্লগের URL address নির্বাচন করুন। এটি হবে এরকম: yoursitename.blogspot.com। মনে রাখবেন, এই URL পরে পরিবর্তন করা যাবে না, তাই সতর্কতার সাথে এটা দিতে হবে। পরবর্তীতে কেবল কাস্টম ডোমেইন যুক্ত করার মাধ্যমেই এই URL পরিবর্তন করা যাবে।

৬. URL দেওয়া হয়ে গেলে ‘Next’ বাটনে ক্লিক করুন।
৭. এখন আপনার ব্লগ তৈরি হয়ে গেছে! এবার আপনি Blogger ড্যাশবোর্ডে গিয়ে ‘New Post’ এ ক্লিক করে আপনার প্রথম আর্টিকেল লিখতে পারবেন।

৮. থিম পরিবর্তন করতে আপনাকে বাম পাশের মেনু থেকে ‘Theme’ সেকশনে যেতে হবে এবং আপনার পছন্দের থিম বেছে নিতে হবে।

টিপস: Blogger-এ Google AdSense যুক্ত করতে কমপক্ষে ১৫-২০টি মানসম্পন্ন পোস্ট থাকতে হবে এবং আপনার ব্লগের বয়স কমপক্ষে ৬ মাস বা তার বেশি হতে হবে।
২. WordPress.com দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরির পদ্ধতি

WordPress.com হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম। এটির ফ্রি প্ল্যানে আপনি yoursitename.wordpress.com সাবডোমেইনে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
মনে রাখবেন, WordPress.com এবং WordPress.org দুটি আলাদা জিনিস। WordPress.org ব্যবহার করে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আপনাকে হোস্টিং কিনতে হবে, কিন্তু WordPress.com-এ ফ্রিতেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
WordPress.com-এর সুবিধা
- শক্তিশালী বিল্ট-ইন SEO ফিচার রয়েছে, যেগুলোর সাহায্যে সহজেই SEO friendly কনটেন্ট তৈরি করা যায়।
- ওয়েবসাইট ডিজাইনের জন্য হাজার হাজার ফ্রি থিম রয়েছে।
- ব্যবহার করা তুলনামূলক সহজ।
- জেটপ্যাক সিকিউরিটি অন্তর্ভুক্ত রয়েছে।
- ভবিষ্যতে প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড (upgrade) করার সুবিধা রয়েছে।
WordPress.com দিয়ে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
১. সবচেয়ে প্রথমে WordPress.com ওয়েবসাইটে যান এবং ‘Get Started’ বা ‘Start your website’ বাটনে ক্লিক করুন।

২. আপনার ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন অথবা Google বা Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন।
৩. এরপর আপনার ওয়েবসাইটের ধরন বেছে নিন। আপনি যদি ব্লগ বানাতে চান তাহলে ‘Blog’ অপশন বেছে নিন।
৪. আপনার ওয়েবসাইটের URL সেট করুন। এখানে একটি ফাঁকা বক্স দেখতে পারবেন।

এই বক্সে আপনার ওয়েবসাইটের নাম লিখে দিয়ে সার্চ করতে হবে। তাহলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য available URL address দেখতে পারবেন।
ফ্রি প্ল্যানে ওয়েবসাইটের URL-টি হবে এরকম – yoursitename.wordpress.com।

৫. এখন এখান থেকে Start Free বাটনটিতে ক্লিক করতে হবে। আপনি চাইলে একটু নিচে স্ক্রল করে ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম প্ল্যানগুলোও দেখে নিতে পারেন।

৬. এবার আপনার ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবং আপনি নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন।

৭. এরপর উপরে বামদিকে থ্রি ডট বাটনটিতে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর সাহায্যে আপনার ওয়েবসাইটের যাবতীয় কাজগুলো করতে পারবেন।

৮. আপনি Appearance >> Themes অপশন থেকে আপনার পছন্দের যেকোনো থিম বেছে নিতে পারবেন এবং ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন ও কাস্টমাইজ করতে পারবেন।


৯. ‘Pages’ সেকশন থেকে নতুন পেজ তৈরি করতে পারবেন এবং ‘Posts’ থেকে আপনার সাইটে নতুন ব্লগ পোস্ট লিখতে পারবেন।

১০. আপনার তৈরি করা ওয়েবসাইটটি ভিজিট করার জন্য উপরের Home আইকন থেকে Visit site লেখাটিতে ক্লিক করলে ওয়েবসাইটের হোমপেজটি দেখতে পারবেন। ডিফল্ট অবস্থায় ওয়েবসাইটটি দেখতে অনেকটা নিচের মতো হবে।

টিপস: WordPress.com-এর ফ্রি প্ল্যানে কাস্টম প্লাগইন ইনস্টল করা যায় না। কাস্টম প্লাগইন (Plugin) ব্যবহার করার জন্য আপনাকে প্রিমিয়াম প্ল্যান নিতে হবে।
অবশ্যই পড়ুন: ডোমেইন ও হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করবেন যেভাবে
৩. Wix দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরির পদ্ধতি
Wix হলো একটি ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম যেটি ব্যবহার করে কোনো কোডিং জ্ঞান ছাড়াই অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়।
ফ্রি প্ল্যানে ওয়েবসাইটের URL হবে username.wixsite.com/sitename।
Wix-এর ইন্টারফেস অনেক আকর্ষণীয় এবং এটা দিয়ে সহজেই প্রফেশনাল মানের ডিজাইন করা যায়।
Wix-এর সুবিধা
- ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ফিচারের সাহায্যে সহজেই কাস্টমাইজ করা যায়।
- ৯০০ এরও বেশি রেডিমেড টেমপ্লেট রয়েছে।
- Wix ADI — AI দিয়ে অটোমেটিকভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায়।
- বিল্ট-ইন ইমেজ স্টক রয়েছে।
- মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন।
Wix দিয়ে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
১. প্রথমে Wix.com ওয়েবসাইটে যান। এরপর আপনার Email address দিয়ে ‘Get Started’ বাটনে ক্লিক করুন।

২. আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

৩. Wix আপনাকে দুটি অপশন দেবে: ‘Chat with AI (AI দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট তৈরি) অথবা ‘Setup without chat’ (নিজে কাস্টমাইজ করুন)। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথম অপশনটি নির্বাচন করার পরামর্শ আমি দিবো।

৪. Chat with AI অপশনটি বেছে নিলে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন – আপনার ওয়েবসাইটের বিষয়, উদ্দেশ্য, কি কি ফাংশন ওয়েবসাইটে রাখতে চান ইত্যাদি।


আমার ওয়েবসাইটটি তৈরির সময় Wix আমাকে যেসব প্রশ্ন করেছিলো এবং আমি যা যা উত্তর দিয়েছিলাম সেগুলো নিচে উল্লেখ করেছি।
- First, tell me what your site is all about. Ans: Blog.
- What is the name of your blog or business? Ans: Abu Shafiq.
- Would you like to add an Instagram feed to your site? Ans: Yes.
- What topics will you be writing about on your blog? Ans: Technology.
- What unique perspective will you bring to the world of technology? Ans: Tech news & tutorials.
- To help with your tutorials, would you like a dedicated section to showcase videos? Ans: No.
- How about a way for your readers to subscribe to your blog updates? Ans: Email Subscriptions.

৫. এবার আপনার ওয়েবসাইটে আপনি যে যে ফিচারগুলো চান সেগুলোতে টিকমার্ক দিতে হবে।

এরপরে নিচে Continue বাটনে ক্লিক করতে হবে।

৬. এবার নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন।

এখান থেকে আপনাকে End Chat & Continue বাটনটিতে ক্লিক করতে হবে।
৭. এই ধাপে আপনাকে Custom domain নিতে বলা হবে। যেহেতু কাস্টম ডোমেইন আমাদের টাকা দিয়ে কিনতে হয় সেজন্য এই ধাপটি আপনাকে Skip করে যেতে হবে।

৮. এবার AI স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করে দেবে।

৯. উপরের থ্রি ডট মেনু থেকে My Sites অপশনে গিয়ে আপনার তৈরি করা ওয়েবসাইটটি দেখতে পারবেন এবং customize করতে পারবেন।

১০. আপনি বাম পাশের মেনু থেকে ওয়েবসাইটে নতুন পেজ যোগ, টেক্সট পরিবর্তন এবং ছবি যুক্ত করতে পারবেন।
১১. সব কাজ শেষ হয়ে গেলে উপরের ডানদিকে ‘Publish’ বাটনে ক্লিক করুন।
টিপস: Wix-এর ফ্রি প্ল্যানে তৈরি ওয়েবসাইটে Wix-এর বিজ্ঞাপন দেখাবে। আপনি যদি এই বিজ্ঞাপন দেখাতে না চান তাহলে আপনাকে premium plan নিতে হবে।
৪. Weebly দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরির পদ্ধতি
Weebly হলো আরেকটি জনপ্রিয় ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম যেটি বিশেষত ব্লগ ও ছোট ব্যবসার ওয়েবসাইটের জন্য উপযুক্ত। Weebly এখন Square কোম্পানির অধীনে রয়েছে।
এর ফ্রি প্ল্যানে তৈরি করা ওয়েবসাইটের URL হবে yourname.weebly.com।
Weebly-এর সুবিধা
- অত্যন্ত সহজ ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ইন্টারফেস।
- বিল্ট-ইন ই-কমার্স (e-commerce) ফিচার।
- ভালো মানের ফ্রি থিম।
- মোবাইল অ্যাপ থেকে পরিচালনা করা যায়।
- ফ্রি SSL সার্টিফিকেট।
Weebly দিয়ে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
১. প্রথমত Weebly.com ওয়েবসাইটে যান এবং ‘Get Started’ বাটনে ক্লিক করুন।
২. আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
৩. আপনার ওয়েবসাইটের ধরন বেছে নিন — ব্লগ, পোর্টফোলিও বা ব্যবসায়িক সাইট।
৪. আপনার পছন্দের থিম বেছে নিন।
৫. ফ্রি সাবডোমেইন (yourname.weebly.com) বেছে নিন।
৬. Weebly Editor-এ এলে ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করে কনটেন্ট যুক্ত করুন, ছবি আপলোড করুন।
৭. সব ঠিকঠাক হলে উপরে ‘Publish’ বাটনে ক্লিক করুন।
টিপস: Weebly-এর ফ্রি প্ল্যানে স্টোরেজ সীমিত (৫০০MB) এবং ব্যান্ডউইডথও সীমিত। বেশি ভিজিটর বা বড় ওয়েবসাইটের জন্য প্রিমিয়াম প্ল্যান দরকার হয়।
ফ্রি ওয়েবসাইট তৈরির চারটি প্ল্যাটফর্মের তুলনামূলক বিশ্লেষণ
নিচের ছকে চারটি প্ল্যাটফর্মের তুলনা দেখুন যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত:
| বৈশিষ্ট্য | Blogger | WordPress.com | Wix | Weebly |
|---|---|---|---|---|
| ব্যবহারের সহজতা | ⭐⭐⭐⭐⭐ | ⭐⭐⭐⭐ | ⭐⭐⭐⭐⭐ | ⭐⭐⭐⭐⭐ |
| SEO সুবিধা | ⭐⭐⭐ | ⭐⭐⭐⭐⭐ | ⭐⭐⭐⭐ | ⭐⭐⭐ |
| কাস্টমাইজেশন | ⭐⭐⭐ | ⭐⭐⭐⭐ | ⭐⭐⭐⭐⭐ | ⭐⭐⭐⭐ |
| মনিটাইজেশন | ⭐⭐⭐⭐⭐ | ⭐⭐⭐ | ⭐⭐⭐ | ⭐⭐⭐ |
| স্টোরেজ | ১৫ জিবি | ৩ জিবি | ৫০০ এমবি | ৫০০ এমবি |
| বিজ্ঞাপনমুক্ত | হ্যাঁ | না | না | না |
| কাস্টম ডোমেইন | হ্যাঁ (ফ্রি প্ল্যানে) | পেইড প্ল্যানে | পেইড প্ল্যানে | পেইড প্ল্যানে |
কখন ফ্রি ওয়েবসাইট যথেষ্ট নয়?
ফ্রি ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মগুলো অনেক ক্ষেত্রেই দারুণ কাজ করে। কিন্তু নিচের পরিস্থিতিতে আপনার ডোমেইন ও হোস্টিং কিনে প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করা উচিত:
- ই-কমার্স বা অনলাইন শপিং স্টোর তৈরি করতে চাইলে
- নিউজ পোর্টাল বা বড় মাপের মিডিয়া সাইট বানাতে চাইলে
- ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপ করতে চাইলে
- পেশাদার কর্পোরেট ওয়েবসাইট যেখানে নিজস্ব ডোমেইন জরুরি
- অনেক বেশি ট্রাফিক ও বেশি স্টোরেজের প্রয়োজন হলে
- পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন দরকার হলে
এই ধরনের ওয়েবসাইটের জন্য আপনাকে একটি কাস্টম ডোমেইন কিনতে হবে এবং ভালো মানের হোস্টিং সার্ভিস নিতে হবে। তারপর WordPress.org ব্যবহার করে একটি পূর্ণমাত্রার ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ফ্রি ওয়েবসাইট দিয়ে গুগলে র্যাংক করার উপায়
আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসার জন্য ওয়েবসাইটটি গুগলে র্যাংক করা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি ওয়েবসাইট দিয়েও গুগলে ভালো র্যাংক করা সম্ভব।
আপনি যদি আপনার ফ্রি ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে সবার উপরে র্যাংক করিয়ে অর্গানিক ট্রাফিক পেতে চান তাহলে নিচের SEO টিপসগুলো অনুসরণ করুন:
- প্রতিটি পোস্টে কমপক্ষে ১০০০-১৫০০ শব্দের কনটেন্ট লিখুন।
- পোস্টের টাইটেলে মূল কিওয়ার্ড ব্যবহার করুন।
- পোস্টের মেটা ডিসক্রিপশন সঠিকভাবে লিখুন।
- প্রতিটি ছবিতে Alt Text যুক্ত করুন।
- Internal Linking করুন — পুরোনো পোস্টে নতুন পোস্টের লিঙ্ক দিন।
- নিয়মিত কনটেন্ট পাবলিশ করুন।
- Google Search Console-এ সাইট সাবমিট করুন।
- Sitemap তৈরি করে গুগলে সাবমিট করুন।
কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় – এ বিষয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
হ্যাঁ, Blogger দিয়ে তৈরি ওয়েবসাইটে Google AdSense যুক্ত করে আয় করা সম্ভব। তবে WordPress.com-এর ফ্রি প্ল্যানে সরাসরি AdSense যুক্ত করা যায় না।
Blogger-এ ফ্রিতে কাস্টম ডোমেইন যুক্ত করা যায়। তবে WordPress.com, Wix ও Weebly-তে কাস্টম ডোমেইন যুক্ত করতে প্রিমিয়াম প্ল্যান নিতে হয়।
হ্যাঁ, এই প্ল্যাটফর্মগুলো SSL সার্টিফিকেট প্রদান করে (https), তাই তথ্য নিরাপদ থাকে।
বাংলাদেশে ব্লগিং বা কনটেন্ট রাইটিংয়ের জন্য Blogger সবচেয়ে জনপ্রিয় কারণ এটি Google-এর প্ল্যাটফর্ম, AdSense যুক্ত করা সহজ এবং সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত।
অবশ্যই! সব প্ল্যাটফর্মেই বাংলা ভাষায় কনটেন্ট লেখা যায়। শুধু আপনার কম্পিউটারে বাংলা কীবোর্ড বা অভ্র সফটওয়্যার ইনস্টল করলেই হবে।
উপসংহার
এই আর্টিকেলে আমরা শিখেছি কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় — Blogger, WordPress.com, Wix এবং Weebly ব্যবহার করে। প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে।
আপনি যদি ব্লগিং শুরু করতে চান এবং আয় করতে চান, তাহলে Blogger হলো সেরা অপশন। আর যদি একটি শক্তিশালী ও প্রফেশনাল দেখতে ওয়েবসাইট চান, তাহলে WordPress.com বা Wix বেছে নিতে পারেন।
তবে মনে রাখবেন, ই-কমার্স, নিউজ পোর্টাল বা জটিল ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ডোমেইন-হোস্টিং কিনে প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করাই শ্রেয়। এতে আপনার ব্র্যান্ড আরও প্রফেশনাল হবে এবং ব্যবসার প্রসার ঘটবে।
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
